ভোটের রাতেই বিজয়ীর নাম ঘোষণা চান ট্রাম্প......
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আজকের ভোটেই নির্ধারিত হবে হোয়াইট হাউসে কে যাচ্ছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির ওপর বিশ্বরাজনীতি ও অর্থনীতি নির্ভরশীল হওয়ায় পুরো পৃথিবীর নজর এখন এই নির্বাচনের দিকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোরে ভোটগ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যায়। এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
অন্যদিকে, ভোটগ্রহণ শেষে মঙ্গলবার রাতেই বিজয়ীর নাম ঘোষণা করতে চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি চান, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হোক।
এর আগে, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন।
